এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় বাঙালি নদীর আড়িয়ামারা খালে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মাফিয়া খাতুন (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ জুন ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার বথুয়াবাড়ী ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাফিয়া খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের আড়িয়ামারা খালের দাবুর বাড়ির ঘাট এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল মাফিয়া। একপর্যায়ে সে খালের পানিতে নেমে গেলে প্রবল স্রোতে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে খালে তীব্র স্রোত ও গভীর পানির কারণে শনিবার শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বিষয়টি রাজশাহী বিভাগের ডুবুরি দলকে জানানো হয়।
রবিবার সকালে স্থানীয়দের সহযোগিতায় বাঙালি নদীর বথুয়াবাড়ী ব্রিজের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
ধুনট উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার ফাইটার সাব্বির হোসেন জানান, নিখোঁজ হওয়ার পরপরই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল। কিন্তু স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। পরদিন সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা অভিভাবকদের শিশুদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে খাল-বিল ও নদীর আশপাশে শিশুদের একা চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার