এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হামলা, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। গ্রেপ্তারের পর রবিবার (২ আগস্ট) সকালে তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার চিকাশী ইউনিয়নের সুলতানহাটা উত্তরপাড়া গ্রামের মৃত ইউনুস সরকারের ছেলে বাবু সরকার (৪৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান, ধুনট থানার মামলা নম্বর-০১, তারিখ ১ আগস্ট ২০২৬, জিআর নম্বর-১০৮/২৬-এর এজাহারভুক্ত ৪ নম্বর আসামি বাবু সরকার। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪০/১৪১/১৪৩/১৪৫/৩২৩/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে বাদী আলম বাদশার ছেলে রিয়ন মিয়া এবং দুই নাতি আলামিন হোসেন ও রানা চিকাশী মফিজ মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে একটি কাপড়ের দোকানের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের পথরোধ করে। অভিযোগে বলা হয়েছে, এ সময় অভিযুক্তদের হাতে বাঁশের লাঠি, লোহার রড, কাঠের বাটাম ও ধারালো রামদাসহ দেশীয় অস্ত্র ছিল।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা প্রথমে ভুক্তভোগীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরে অতর্কিত হামলা চালায়। হামলায় রানার ডান চোখে গুরুতর আঘাত লাগে, যা তার দৃষ্টিশক্তির জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। আলামিন হোসেনের ডান চোখেও লোহার রড দিয়ে আঘাত করা হয় এবং তাকে লাঠিপেটা করা হয়। রিয়ন মিয়াকেও কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে অভিযুক্তরা আলামিন হোসেনের প্যান্টের পকেটে থাকা ব্যবসার নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে/চুরি করে নিয়ে যায়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত রানাকে হাসপাতালে ভর্তি করেন এবং অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে বাবু সরকারসহ এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ মিলেছে। এ কারণে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলার পলাতক এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ধুনট থানা সূত্রে জানা গেছে। তবে মামলাটি বর্তমানে তদন্তাধীন থাকায় অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারক হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার