এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ কেন্দ্রীয় যুবদলের ঘোষিত সাতদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলা যুবদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। মানবিক এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের পারলক্ষীপুর সুলতানের বাড়ি থেকে সুলতানহাটা পাকা সড়কের মোড় পর্যন্ত সড়কটির সংস্কার কাজ পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে খানাখন্দ ও বেহাল অবস্থার কারণে এলাকাবাসী, শিক্ষার্থী, কৃষক এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তাদের ভোগান্তি লাঘবের লক্ষ্যেই যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে এ উদ্যোগ বাস্তবায়ন করেন।
রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। পরে তারা নিজ হাতে রাস্তা সংস্কার কাজে অংশ নেন।
উপস্থিত নেতারা বলেন, রাজনীতির পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে চায়। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি থাকলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। যুবদলের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের এ উদ্যোগ তাদের দৈনন্দিন চলাচল সহজ করবে। তারা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, এমন সামাজিক ও জনসম্পৃক্ত উদ্যোগ রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার