এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশা করছেন ধুনট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং রাজনৈতিক প্রতিকূলতার সময়ে দলের সঙ্গে থাকার বিষয়টি সামনে রেখে তিনি এবার ধুনট সদর ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে মামলা, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তিনি। তার ভাষ্য, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি দলের আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সরে যাননি এবং সামর্থ্য অনুযায়ী নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন।
চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার বিষয়ে মো. আমিনুল ইসলাম বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে আমাকে নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। কঠিন সময়েও আমি দলের সঙ্গে ছিলাম এবং নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। ধুনট সদর ইউনিয়নে আমার মতো নির্যাতিত বিএনপি নেতা আর কেউ নেই—এটাই আমার রাজনৈতিক পথচলার অন্যতম পরিচয়।”
তিনি আরও বলেন, “দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন করা হলে আমি বিএনপির সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী। দল আমাকে সুযোগ দিলে ধুনট সদর ইউনিয়নকে একটি জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
আমিনুল ইসলামের দাবি, জনপ্রতিনিধি নির্বাচিত হলে দল-মতের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করবেন তিনি। নাগরিক সেবা সহজীকরণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে দলীয় সমর্থন নিয়ে নেতাকর্মীদের মধ্যেও আলোচনা তৈরি হয়। ধুনট সদর ইউনিয়নেও বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে নানা হিসাব-নিকাশ চলছে। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা—এসব বিষয় দলীয় সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর রাখছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের প্রত্যাশা, দলের দুঃসময়ে যারা মাঠে সক্রিয় ছিলেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন, দলীয় মনোনয়ন বা সমর্থনের ক্ষেত্রে তাদের ত্যাগ ও রাজনৈতিক ভূমিকা বিবেচনায় নেওয়া হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের সংশ্লিষ্ট সাংগঠনিক পর্যায় থেকেই আসবে।
এদিকে, ধুনট সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আমিনুল ইসলামের সম্ভাব্য প্রার্থিতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তিনি ইতোমধ্যে দলীয় সমর্থন পেতে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন বলে জানা গেছে। শেষ পর্যন্ত বিএনপির সমর্থনের পাল্লা কার দিকে ভারী হয় এবং নির্বাচনী মাঠে কারা প্রতিদ্বন্দ্বিতা করেন - তা নিয়েই এখন স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার