স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আগাম জাতের রোপা আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। মাঠজুড়ে এখন পাকা ধানের সোনালি আভা। কোথাও কৃষক ধান কাটছেন, কোথাও চলছে মাড়াই, আবার কোথাও ধান বাড়িতে নেওয়ার প্রস্তুতি। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের তুলনামূলক কম প্রকোপে আগাম জাতের আমন ধানের ভালো ফলন হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি।
ধান ঘরে তোলার পর একই জমিতে আলু, সরিষা, পেঁয়াজসহ বিভিন্ন রবি ফসল চাষের পরিকল্পনা করছেন কৃষকেরা। এতে একদিকে যেমন ধান বিক্রি করে নগদ অর্থ পাওয়া যাবে, অন্যদিকে দ্রুত জমি প্রস্তুত করে পরবর্তী ফসল আবাদ করা সম্ভব হবে। ফলে একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে বাড়তি আয় করার সুযোগ তৈরি হচ্ছে।
সরেজমিনে উপজেলার রিধইল, কৈগাড়ী, নামুইট, বাদলাষনসহ বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, আগাম জাতের আমন ধান পাকতে শুরু করেছে। অনেক জমিতে ইতোমধ্যে কাটা-মাড়াই চলছে। বিস্তীর্ণ মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। কৃষক, কৃষিশ্রমিক ও পরিবারের সদস্যরা ধান কাটা, আঁটি বাঁধা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।
কৃষকেরা জানান, আগাম জাতের আমন ধান চাষের অন্যতম সুবিধা হলো তুলনামূলক কম সময়ে ফসল ঘরে তোলা যায়। এতে সময়মতো জমি খালি করে আলু, সরিষা, পেঁয়াজসহ অন্যান্য রবি ফসল চাষ করা সম্ভব হয়। ফলে জমি দীর্ঘ সময় অনাবাদি পড়ে থাকে না। একই জমিতে একাধিক ফসল ফলানোর সুযোগ থাকায় আগাম জাতের আমন ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি রোপা আমন মৌসুমে নন্দীগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় মোট ১৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯১৭ হেক্টর জমিতে আগাম জাতের ধান চাষ করা হয়েছে।
আগাম জাতের ধানের মধ্যে রয়েছে বিনা-৭, বিনা-১৭, মিনিকেট, ব্রি ধান-৪৯, ব্রি ধান-৯০, ব্রি ধান-৭৫, রঞ্জিত ও কাটারিভোগ। এসব জাতের ধান উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে কাটা-মাড়াই শুরু হয়েছে।
এ ছাড়া আগাম জাতের ধান কাটা-মাড়াই শেষ হলে পর্যায়ক্রমে ব্রি ধান-৩৪, ব্রি ধান-৫১, ব্রি ধান-১০৩ ও স্বর্ণা-৫ জাতের ধান কাটার কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কৃষকদের আশা, আগাম আমন ধান ঘরে তোলার পর দ্রুত রবি ফসলের আবাদ শুরু করতে পারলে উৎপাদন বাড়ার পাশাপাশি তাঁদের আয়ও বৃদ্ধি পাবে। একই জমিতে একাধিক ফসল উৎপাদনের এই সুযোগ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার