
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে টানানো কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে রাতের ঠিক কোন সময়ে অগ্নিসংযোগ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবককে দলীয় কার্যালয়ের সামনে আগুন দিতে দেখা গেছে বলে জানা গেছে। এ ঘটনায় কার্যালয়ের সামনের কয়েকটি ফেস্টুন ও ব্যানার পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার অভিযোগ করে বলেন, সারাদেশে আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় নন্দীগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে আমরা মনে করছি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
অন্যদিকে, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার