এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ ও একটি মোবাইল ফোনসহ অভিযুক্ত এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোছাঃ মেরিনা বেগম (৪৯)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের গড় মহাস্থান গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত মতিন এবং স্বামীর নাম মোঃ তোফাজ্জল হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মেরিনা বেগমের নিজ বসতবাড়ির দক্ষিণমুখী শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি সিনথেটিক ব্যাগ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি নামীয় বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি অধিকতর তদন্ত করে এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার কার্যক্রমও চলমান রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে জনসাধারণকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার