স্টাফ রিপোর্টার:
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি স্কুল বাস বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে দুর্ঘটনায় এক পা হারানো এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মাহফুজকে কৃত্রিম পা উপহার দেওয়ার পাশাপাশি তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে বাস দুটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা দায়িত্বের অংশ। শিক্ষার পরিবেশ আরও সহজ ও সুন্দর করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
দেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, পূর্ববর্তী সময়ে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করছে। দেশের বিভিন্ন সংকট উত্তরণেও সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
বাস বিতরণ শেষে প্রতিমন্ত্রী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মাহফুজের সঙ্গে সাক্ষাৎ করেন। মাহফুজ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শিক্ষার্থী।
জানা যায়, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এক দুর্ঘটনায় মাহফুজ তার একটি পা হারায়। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যায় সে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে মাহফুজ।
সাক্ষাৎকালে মাহফুজের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনেন প্রতিমন্ত্রী। তার শারীরিক সমস্যার বিষয়টি জানতে পেরে নিজের তহবিল থেকে কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি মাহফুজের পড়াশোনার খরচের দায়িত্ব নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার