মিন্টু ইসলাম:
সারাদেশের মতো বগুড়ার শেরপুরেও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ইউএনও সাইদুজ্জামান হিমুর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর পৌরসভার সমন্বিত ব্যবস্থাপনায় এ অভিযান পরিচালিত হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) শহরের হাসপাতাল রোড এলাকায় অবস্থিত বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোর সম্মুখভাগে জমে থাকা ময়লা-আবর্জনা, ড্রেনের বর্জ্য এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ও স্বাস্থ্য বিভাগের টিম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় ক্লিনিক-হাসপাতালের মালিক ও কর্মচারীরা অংশ নেন।
এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য স্থানীয় বাসিন্দা ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সচেতন করা হয়। বিশেষ করে কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর রাখার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জনসাধারণকে নিয়মিতভাবে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সম্মুখভাগ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

