শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে গাছ কাটার সময় পরিযায়ী শামুকখোল পাখির কয়েকশ ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। গত মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বন বিভাগের পক্ষ থেকে শেরপুর থানায় মামলাটি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা মো. আজাহার আলী গত ৮ আগস্ট সকালে তাঁর মালিকানাধীন জলপাই ও পিতরাজসহ সাতটি বড় গাছ এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
পরে ওই ব্যবসায়ী গাছগুলো কাটতে গেলে গাছের মগডালে থাকা পরিযায়ী শামুকখোল পাখির কয়েকশ বাসা ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এতে উড়তে না শেখা অসংখ্য পাখির ছানা মারা যায় এবং বিপুলসংখ্যক ডিম নষ্ট হয়।
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বন বিভাগের নজরে আসে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শেরপুর এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মো. সালাহ উদ্দিন পারভেজ বাদী হয়ে শেরপুর থানায় অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ করেছেন।
স্থানীয়দের দাবি, রামনগর গ্রামটি দীর্ঘদিন ধরে পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকায় প্রায় ৫০০টি বড় গাছে দেড় থেকে দুই হাজার শামুকখোল পাখি বসবাস করে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার