শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবুল হোসেন (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনের নেতৃত্বে এসআই বিকাশ চক্রবর্তীসহ পুলিশের একটি দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দশমাইল এলাকায় সোনালী ব্যাংক পিএলসি, পল্লী উন্নয়ন একাডেমি শাখার পশ্চিম পাশে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
একপর্যায়ে চট্টগ্রাম থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জগামী ‘জান্নাত এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির বাম পাশের ই-২ নম্বর আসনে বসে থাকা যাত্রী আবুল হোসেনের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে উদ্ধার করা মাদক জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।
গ্রেপ্তার আবুল হোসেন গাইবান্ধা সদর থানার দক্ষিণ গিদারী কমলার বাজার এলাকার বাসিন্দা। তিনি মৃত নবাব আলীর ছেলে। আটক বাসটির নিবন্ধন নম্বর গাইবান্ধা-ব-১১-০০০৬।
পুলিশ জানায়, এ ঘটনায় শেরপুর থানায় এসআই বিকাশ চক্রবর্তী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার