বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন শেরপুর উপজেলার কুসুম্বী ও গাড়ীদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. সাইফুর ইসলাম (৪৮)। তিনি উপজেলার বাগড়া হঠাৎপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে। অপরজন গাড়ীদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বয়জাল হোসেন (৪৮)। তিনি উপজেলার জয়েনগর গ্রামের মৃত হেদায়াতুল্লাহ কামালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার এফআইআর নং-১৭, তারিখ ১৫ নভেম্বর ২০২৬ এবং জিআর নং-৩২৭-এর একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪ ও ৬ ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে সাইফুর ইসলামকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১টা ৩০ মিনিটের দিকে অপর আসামি বয়জাল হোসেনকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার