এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়াসহ দেশের সকল অঞ্চলে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে বৃহৎ অবকাঠামোগত ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আগে প্রতিমন্ত্রী প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বগুড়াকে উত্তরাঞ্চলের অন্যতম আধুনিক শিক্ষা ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তর করতে চান। সে লক্ষ্যে শহরের কোলাহলমুক্ত পরিবেশে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব আগামী সপ্তাহেই মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বগুড়ায় একটি বহুমাত্রিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, কার্গো টার্মিনাল, যুদ্ধবিমান পরিচালনার অবকাঠামো এবং বিমানঘাঁটি স্থাপনের সুযোগ রাখা হবে। বাস্তবায়িত হলে এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ক্রীড়া উন্নয়নের প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি নগর ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) এবং বগুড়া ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণের জন্য ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বগুড়া শহরের রেললাইন স্থানান্তর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাণীরহাট থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে আধুনিক ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে গাবতলীতে চার লেনের বাইপাস সড়ক নির্মাণ এবং বগুড়া-নওগাঁ ও মোকামতলা-জয়পুরহাট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
ধর্মীয় অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়ন কাজে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নগর উন্নয়ন বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “বগুড়া শহরের মানুষকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অপ্রয়োজনীয় ভাঙচুর বা জনদুর্ভোগ সৃষ্টি না করেই কীভাবে আধুনিক নগর উন্নয়ন বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।”
এসময় বগুড়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে এই স্বাধীনতার দায়িত্বশীল ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে সাংবাদিকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গাবতলীর ভাড়ায় সড়কে সাময়িকভাবে ইট বিছানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে কাঁচা রাস্তায় অস্থায়ীভাবে ইট বিছানো হয়েছিল। যেহেতু সড়কটি পূর্ব থেকেই পাকাকরণের জন্য অনুমোদিত ছিল, তাই বর্তমানে ইট অপসারণ করে স্থায়ী নির্মাণকাজ শুরু করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার