এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু থানায় দায়ের করা একটি ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত পাঁচ আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি বগুড়া।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কাহালু থানার মামলা নং-১৩, তারিখ ১৮ জুন ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৩৯২ ধারায় দায়ের করা ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামিরা গ্রেপ্তার এড়াতে বগুড়ার বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার (৪ জুলাই ২০২৬) দিনব্যাপী ও রাতে বগুড়া জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে বগুড়া মহানগরের চারমাথা বাস টার্মিনাল এলাকা থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. মাসুম বিল্লাহ (মিঠু) (৩৯)-কে গ্রেপ্তার করা হয়।
এরপর কাহালু উপজেলার হাইস্কুল রোডের মুরুইল মেহেদী সু-স্টোর এলাকা থেকে মো. আবু বক্কর সিদ্দিক (৩৮), নন্দীগ্রাম উপজেলার চাপোলবা এলাকা থেকে মো. জাফর হোসেন (৪০), বগুড়া সদর উপজেলার মধ্যপাড়া (পুরাতন বগুড়া) এলাকায় নিজ বাড়ি থেকে মো. রাশেদ হোসেন (২৮) এবং শাজাহানপুর উপজেলার ফুলদিঘী ফুলতলা এলাকায় নিজ বাড়ি থেকে মো. আবু হোরায়রা খন্দকার (মানিক) (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা কাহালু থানায় দায়ের করা ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ আরও জানায়, অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার