এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-১২-এর বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন, বগুড়া সদর উপজেলার সোনারপাড়া-চিংগাসপুর এলাকায় একটি বসতবাড়িতে ইয়াবা কেনাবেচা চলছে। এরই পরিপ্রেক্ষিতে গত রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল।
অভিযানে চিংগাসপুর এলাকার বাসিন্দা মো. শরিফুল ইসলাম (৩২) ও মো. শামীম মিয়া (২৩) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন এবং চারটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক কেনাবেচার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অন্যান্য আলামতসহ গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১২।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার