এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদককারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
গ্রেফতারকৃত নারী হলেন মোছা. ছালেহা আক্তার (৪০)। তার স্বামী ও সহঅভিযুক্ত মো. আব্দুস সোবাহান (৪৫) বর্তমানে পলাতক রয়েছেন। তাদের বাড়ি বগুড়া সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (৭ জুন ২০২৬) ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় স্বামী-স্ত্রীর নিজ দখলীয় চার কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ছালেহা আক্তারকে গ্রেফতার করা হলেও তার স্বামী আব্দুস সোবাহান কৌশলে পালিয়ে যান।
ডিএনসি কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামি আব্দুস সোবাহানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার