স্টাফ রিপোর্টার:
বগুড়া জেলা জজ কোর্ট চত্বর এলাকা থেকে ৪ লাখ ৫৩ হাজার টাকার বিপুল পরিমাণ জাল নোটসহ এক পেশাদার জাল টাকা কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২২ জুলাই) দুপুর আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রফিকুল ইসলাম (৪৭)। সে নওগাঁ জেলার রানীনগর থানার পারইল গ্রামের মোঃ ছলিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি বগুড়ার সাব-ইনস্পেক্টর (এসআই) মোঃ আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল বগুড়া সদর থানার জজ কোর্ট চত্বরে অভিযান পরিচালনা করে। এ সময় রফিকুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে ১,০০০ টাকা মূল্যমানের মোট ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট আর্থিক মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত রফিকুল একজন পেশাদার অপরাধী। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল নোট সরবরাহ ও চেক জালিয়াতি সহ মোট ৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ডিবির ইন্সপেক্টর ইকবাল বাহার নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার