শেরপুর (বগুড়া) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বগুড়ার শেরপুরে ১৯৯২ সালে এসএসসি পাসকৃত বন্ধুদের সংগঠন ‘ক্লাব ৯২’-এর উদ্যোগে ঈদ আড্ডা, মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাব ৯২-এর সদস্যরা অংশগ্রহণ করেন।
গত ৩০ মে (শুক্রবার) সন্ধ্যায় পৌর শহরের ডিজে মডেল হাই স্কুল খেলার মাঠ সংলগ্ন ক্লাব ৯২ কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনটি পরিণত হয় বিভিন্ন শ্রেণি-পেশার বন্ধুদের এক প্রাণবন্ত মিলনমেলায়। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সদস্যরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
আবুল ফজল সিদ্দিক তোতার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইয়েদুজ্জামা এবং গীতা পাঠ করেন গোপাল বসক। পরে সংবর্ধনাপ্রাপ্ত দুই বন্ধু ডা. আমিরুল ইসলাম ও ডা. মোমিনুল হককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপস্থিত সদস্যরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ। এছাড়া বক্তব্য দেন লাভলী খাতুন, তহমিনা খাতুন, সুবর্ণা দত্ত, রেজওয়ানা ফেরদৌস পাপিয়া, প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু, নয়ন পাঠান, রেজাউল করিম, শাহ আলম বাবুসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, ক্লাব ৯২ দীর্ঘদিন ধরে সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। সংগঠনের সদস্যদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সংবর্ধিত দুই বন্ধু তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, ক্লাবের এমন সম্মাননা আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। তারা ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বর্তমান সময়ে বন্ধুত্বের বন্ধন ও পারস্পরিক সৌহার্দ্য রক্ষায় এ ধরনের মিলনমেলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সদস্যদের অংশগ্রহণে প্রাণবন্ত ঈদ আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং নৈশভোজের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। উপস্থিত সদস্যরা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মিলনমেলার আয়োজনের আহ্বান জানান।
সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ হিসেবে অনুষ্ঠানটি উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার