কক্সবাজার প্রতিনিধি :
একটানা ভারি বর্ষণের কারণে বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা এবং পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন স্থানে ইতোমধ্যেই পাহাড়ধসের ঘটনা ঘটতে শুরু করেছে। এছাড়া পাহাড়ি নদী ও ছড়াগুলোতে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে, অনেক স্থানে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে তীর উপচে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা ওসমান গনির পাঠানো ছবিতে দেখা গেছে, পাহাড়ি ঢলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, আজ রাতেও কক্সবাজার, বান্দরবান, দক্ষিণ চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে আগামীকাল এসব অঞ্চলের বন্যা ও পাহাড়ধস পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে পাহাড়ধসের ঝুঁকি অত্যন্ত বেশি। ভারি বর্ষণে সোমবার ভোরে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে একাধিক পাহাড়ধসে অন্তত ৮ জন রোহিঙ্গা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি এলাকায় বসবাসকারী জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া, পাহাড়ের পাদদেশ ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার