দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন ভবনে নির্বাচনী কর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
ইসি সচিব আখতার আহমেদের জারি করা তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ১৯৯১ সালের পর প্রথমবারের মতো একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপির পাশাপাশি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও প্রার্থী দিয়েছে। জোটের প্রার্থী হিসেবে সাবেক বিএনপি নেতা ও মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।
ইতোমধ্যে বিএনপি দুটি এবং ১১ দলীয় জোট একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। পূরণ করা মনোনয়নপত্র বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে জমা দিতে হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মনোনয়নপত্র বাছাইয়ের পর একাধিক বৈধ প্রার্থী থাকলে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ হবে। এবার জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য থাকায় ভোটার সংখ্যা ৩৪৯ জন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার