শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শিশুদের ‘নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন বগুড়ার শেরপুরের শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং শিক্ষার প্রসারে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
জানা গেছে 'গত বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু অধিকারবিষয়ক সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের অধিকার ও কল্যাণে কাজ করা শিশু-কিশোরদের এ পুরস্কারের জন্য মনোনীত করে থাকে।
জানা গেছে, গত চার বছর ধরে শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করছেন জয়া বণিক। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যা নিয়ে গ্রামপর্যায়ে এবং অনলাইনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন তিনি।
তাঁর উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিভিন্ন পরিবারকে শিশুদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করার কার্যক্রম পরিচালিত হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্রচারণার মাধ্যমে শিশু অধিকার বিষয়ে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিয়েছেন তিনি।
এ ছাড়া মাঠপর্যায়ে কর্মশালা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে কাজ করছেন জয়া।
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় জয়া বণিক বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই।’
আয়োজকদের মতে, শিশুদের অধিকার, শান্তি ও কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিশু-কিশোরদের কাজকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই এ পুরস্কারের অন্যতম উদ্দেশ্য।
জয়ার এ মনোনয়নের খবর স্থানীয় পর্যায়ে শিশু অধিকার ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে নতুন আগ্রহ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার