দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
সংস্কৃতি একটি জাতির আত্মা। দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরে বাংলাদেশের স্বকীয়তা প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরতে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে এক দেশের সঙ্গে অন্য দেশের যে মেলবন্ধন তৈরি করা সম্ভব, অনেক সময় তা পররাষ্ট্রনীতির মাধ্যমেও সম্ভব হয় না।
তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃজনশীল কর্মের চর্চা ও সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এতে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেবে।
সংস্কৃতিমন্ত্রী জেলা প্রশাসকদের সরকারের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ঢাকা বিভাগের সব জেলা প্রশাসককে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় দেশব্যাপী আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আইরিন ফারজানা।
মতবিনিময় সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, এ প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংস্কৃতিচর্চা নতুন প্রজন্মের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশেরও সুযোগ সৃষ্টি হবে।
ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে সভায় ঢাকা বিভাগের রেঞ্জ ডিআইজি, বিভাগের ১৩ জেলা প্রশাসক, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক এবং জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার