লেখক: সাংবাদিক এম.এ রাশেদ, বগুড়াঃ
সাংবাদিকতা কেবল একটি পেশা কিংবা পরিচয়ের নাম নয়; এটি সমাজের প্রতি দায়বদ্ধতা, সত্য অনুসন্ধান এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। একটি বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের সামনে তুলে ধরতে একজন পেশাদার সাংবাদিককে যথেষ্ট সময়, শ্রম ও মেধা ব্যয় করতে হয়। ঘটনার নেপথ্যের তথ্য অনুসন্ধান, একাধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ, প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং সবকিছু পর্যালোচনা করে নিরপেক্ষ প্রতিবেদন তৈরি করা মোটেও সহজ কাজ নয়। এই কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়েই একজন প্রকৃত সাংবাদিক তাঁর পেশাগত দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করেন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমান সময়ে কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয়কে ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। দালালি, তোষামোদ, অনৈতিক সুবিধা গ্রহণ কিংবা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করতে কেউ কেউ সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন। আবার নিজেদের অপকর্ম আড়াল করে সমাজের সামনে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার অপচেষ্টাও লক্ষ্য করা যায়।
এ ধরনের কর্মকাণ্ড শুধু সাংবাদিকতার মর্যাদাকেই ক্ষুণ্ন করে না, বরং প্রকৃত সাংবাদিকদের পেশাগত সম্মান, গ্রহণযোগ্যতা ও জনআস্থাকেও প্রশ্নের মুখে ফেলে। কিছু মানুষের অনৈতিক আচরণের কারণে পুরো সাংবাদিক সমাজকে যেন নেতিবাচক দৃষ্টিতে দেখতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সচেতন হওয়া জরুরি।
মনে রাখতে হবে, সাংবাদিকতার মূল শক্তি কোনো ব্যক্তির প্রভাব, ক্ষমতা কিংবা পরিচয়পত্র নয়; এর প্রকৃত শক্তি হচ্ছে সত্য, সাহস, সততা ও বস্তুনিষ্ঠতা। সাংবাদিকের কাজ অপরাধীকে রক্ষা করা নয়, বরং অপরাধের তথ্য তুলে ধরা। অন্যায়ের সঙ্গে আপস করা নয়, বরং তথ্য-প্রমাণের ভিত্তিতে অন্যায়ের বিরুদ্ধে জনমত তৈরি করা।
শুধু সাংবাদিক পরিচয় দিলেই একজন মানুষ প্রকৃত সাংবাদিক হয়ে ওঠেন না। এর জন্য প্রয়োজন পেশাগত জ্ঞান, নৈতিক মূল্যবোধ, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা, শিক্ষাগত যোগ্যতা এবং সত্য প্রকাশের দৃঢ় মানসিকতা। ব্যক্তিগত সম্পর্ক কিংবা স্বার্থের ঊর্ধ্বে উঠে সংবাদ পরিবেশন করাই একজন আদর্শ সাংবাদিকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
সাংবাদিকতা কোনো ব্যক্তির ব্যক্তিস্বার্থ রক্ষার সনদ নয়, অপরাধ আড়াল করার নিরাপদ আশ্রয়ও নয়। এটি জনগণের কাছে সত্য পৌঁছে দেওয়ার এক মহান দায়িত্ব। তাই সাংবাদিকতার মর্যাদা রক্ষায় প্রকৃত সাংবাদিকদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে অপসাংবাদিকতা ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সাংবাদিকতার পরিচয় হোক সততা ও পেশাদারিত্বের প্রতীক, ব্যক্তিস্বার্থ কিংবা অপকর্ম আড়ালের হাতিয়ার নয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার