দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
সিরাজগঞ্জ শহরে বজ্রপাতের ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার গ্যাসের রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসার প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে একাধিকবার বজ্রপাত হচ্ছিল। এ সময় হঠাৎ মন্ত্রীর বাসার গেটের পাশে গ্যাসের রাইজার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে খবর দেওয়া হলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, ‘দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
তিনি জানান, বাড়ির গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুন ধরে যায় বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বাসার অন্য কোনো অংশে তা ছড়িয়ে পড়েনি। এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বৃষ্টির সময় বজ্রপাতের মধ্যেই ঘটনাটি ঘটায় বিষয়টি নিয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতি ও কার্যকর পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার