দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীকে ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর নেতৃত্বে যৌথ বাহিনীর টহল শুরু হয়। রাতেও জেলার বিভিন্ন এলাকায় টহল অব্যাহত থাকে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারিও।
এদিকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি গেটই বন্ধ রাখা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাঁচ প্লাটুন বিজিবির পাশাপাশি সেখানে আট প্লাটুন আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার