এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরকে যানজটমুক্ত, দখলমুক্ত এবং আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনার লক্ষ্যে ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। একই সঙ্গে ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের জন্য গ্রহণযোগ্য ও পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
রবিবার (২৪ মে ২০২৬) দুপুর ১২টায় বগুড়া সিটি কর্পোরেশন হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এম আর ইসলাম স্বাধীন।
প্রতিমন্ত্রী বলেন, নবগঠিত বগুড়া সিটির নাগরিক সুবিধা নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত করা হবে, তবে হকারদের জীবিকার বিষয়টিও মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনায় নেওয়া হবে। তাদের জন্য পরিকল্পিত পুনর্বাসন প্রকল্প গ্রহণ করা হবে।
সভায় প্রতিমন্ত্রী বগুড়ার উন্নয়নে একাধিক পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে বগুড়া ওয়াসা গঠন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) প্রতিষ্ঠা, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে মেট্রোপলিটন পুলিশ গঠন, মাটিডালী থেকে বনানী পর্যন্ত এসি বাস সার্ভিস চালু, তিনটি রেলগেটে ওভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ–বগুড়া রেললাইন নির্মাণ এবং একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ। এসব প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে এবং এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পর্যায়ক্রমে উদ্বোধন করা হবে বলেও তিনি জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম বাদশা এমপি, সুরাইয়া জেরিন রনি এমপি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, ডিডি-এলজি রাজিয়া সুলতানা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভা শেষে প্রতিমন্ত্রী দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

