শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার বথুয়াবাড়ী-চৌবাড়ীয়া এলাকায় ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বাঙ্গালী নদীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘নৌকা বাইচ মেলা-২০২৬’। গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের দিকনির্দেশনায় আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট সদর ইউনিয়নের ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব মো. জানে আলম খোকা। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহীদুল ইসলাম বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, বিএনপি নেতা পিয়ার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আব্দুল মোমিন, মামুনুর রশীদ আপেল, জসিস উদ্দিন মন্ডল, আশরাফুদ্দৌলা মামুনসহ স্থানীয় নেতাকর্মী ও আয়োজকেরা।
আয়োজকেরা জানান, বাঙ্গালী নদীর ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার নৌকা অংশ নেবে। নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।
প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ উপভোগ করতে শেরপুর, ধুনটসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ অংশ নেবেন বলে জানান সংশ্লিষ্টরা।

