শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌরসভায় এডিবি প্রকল্পের আওতায় ২৬ লাখ টাকা ব্যয়ে ১৫০ মিটার সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের শান্তিনগর কাজি অফিসের মোড় এলাকায় সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু।
পৌরসভা সূত্রে জানা যায়, শান্তিনগর কাজি অফিসের মোড় থেকে পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় ১৫০ মিটার সড়কের আরসিসি ঢালাই করা হবে। এডিবি প্রকল্পের আওতায় সড়কটির নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে ২৬ লাখ টাকা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী শরিফুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, সড়কটির আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হলে শান্তিনগর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমবে। একই সঙ্গে সড়কটি স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

