স্টাফ রিপোর্টারঃ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ-এর বগুড়া জেলা প্রতিনিধি, অনলাইন পোর্টাল দৈনিক প্রাণের শহর বিডি-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ. রাশেদ।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাংবাদিক এম.এ. রাশেদ মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে যাওয়ার পথে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে পশ্চিম দিক থেকে আসা মালামালবোঝাই একটি ইজিবাইক তার মোটরসাইকেলকে সরাসরি ধাক্কা দেয়। আকস্মিক এ সংঘর্ষে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন।
দুর্ঘটনায় তার ডান পায়ের উরুতে গুরুতর কাটা জখম হয়। ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সেলাই করেন।
পরে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসার জন্য তাকে আয়শা-জবেদা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সাংবাদিক এম.এ. রাশেদের সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

