স্টাফ রিপোর্টার:
বগুড়ার নবাগত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন পিপিএম বলেছেন, জুলাই থেকে শুরু করে সব মামলা তদন্ত করব। যাচাই করে পদক্ষেপ নেবে পুলিশ। অভিযোগ তদন্ত করে যতটুকু সত্য, ঠিক ততটুকুই। মিথ্যা হলে মিথ্যা, আর সত্য হলে সত্য রিপোর্ট। তদন্তে কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি অপরাধমুক্ত বগুড়া গড়তে সাংবাদিকের সহযোগিতা চেয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শনিবার নবাগত পুলিশ সুপার শাহাদাত হোসেন বগুড়া জেলার দায়িত্বভার নেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা তথ্য দিলে তাৎক্ষণিক পদক্ষেপ নেব। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা এবং অপরাধ প্রবণতা ঠেকাতে পরামর্শ দিবেন। মিডিয়ার অনেক তথ্য কাজে আসে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভালো আইনশৃঙ্খলা উপহার দিতে চাই। সামনে জাতীয় সংসদ নির্বাচন, বগুড়ার সাতটি আসনে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে পারব।
সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশিদ শাইন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আব্দুর রহিম, বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন প্রধান সমন্বয়ক প্রতীক ওমর, এটিএন নিউজ ব্যুরো প্রধান চপল সাহা। এ সময় জাতীয় দৈনিক, টেলিভিশন, ডিজিটাল ও স্থানীয় দৈনিকের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

