
‘করব কাজ, গড়ব দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়কে ধারণ করে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী দারুল উলুম রাহমানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশে বিভিন্ন ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মো. মিনহাজুল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক শায়েখ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদল নেতা মো. শাহাদত হোসেন দুলাল। এ সময় উপস্থিত ছিলেন মো. শাহজাহান আলী, সৌদি প্রবাসী মো. রাজু আহম্মেদ, প্রাথমিক পল্লী চিকিৎসক জহুরুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় অনুশাসন, শুদ্ধ সংস্কৃতিচর্চা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগ্রত করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের আয়োজকরা বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
এম এ রাশেদ স্টাফ রিপোর্টার 


















