এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ উত্তরাঞ্চলের পাঁচ জেলা -বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার উন্নয়নের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে বগুড়ায় একটি মতবিনিময় সভা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বগুড়ার মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টের ‘দ্য পার্টি সেন্টার’ (লেভেল-৩) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা.সি.এম. ইদরিস।
সভায় বক্তারা বলেন, উত্তরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কৃষির বহুমুখীকরণ, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি। পাশাপাশি আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গবেষক ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, উত্তরাঞ্চলের সম্ভাবনাময় কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন এবং মানবসম্পদ উন্নয়নের সুযোগ কাজে লাগাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর নীতিমালা প্রণয়ন প্রয়োজন। একই সঙ্গে জেলার বাস্তব চাহিদার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা পাঁচ জেলার উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে বাস্তবসম্মত সুপারিশ উপস্থাপন করেন। আয়োজকরা জানান, আলোচনায় উঠে আসা মতামত ও সুপারিশসমূহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে তুলে ধরা হবে, যাতে উত্তরাঞ্চলের সুষম ও টেকসই উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়।

