এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার: জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের কাছে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহী রেঞ্জের সব থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে মতবিনিময় সভা করেছেন রেঞ্জ ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী।
সভায় রেঞ্জের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমন ও প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান জোরদার, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মীর আশরাফ আলী বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই হতে হবে পুলিশের প্রতিটি কার্যক্রমের মূল ভিত্তি। থানায় সেবা নিতে আসা কোনো ব্যক্তিকে যেন অযথা হয়রানি কিংবা ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে শুনে দ্রুত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, পুলিশি সেবাকে আরও জনমুখী, গতিশীল ও কার্যকর করতে পেশাদারত্ব, আন্তরিকতা এবং দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে প্রতিটি থানাকে সেবার মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে।
ডিআইজি অপরাধপ্রবণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধ সংঘটিত হওয়ার আগেই আগাম তথ্য সংগ্রহ ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিদের নির্দেশনা দেন।
থানার অভ্যন্তরীণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি, শৃঙ্খলা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং দ্রুত সেবা প্রদানের মাধ্যমে পুলিশের প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় করতে হবে। দায়িত্ব পালনে অবহেলা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য হবে না বলেও তিনি সতর্ক করেন।
সভায় উপস্থিত থানার অফিসার ইনচার্জদের নিজ নিজ এলাকার অপরাধ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ, অপরাধ প্রতিরোধে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানোর আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; পুলিশ সুপার, রাজশাহী; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ রেঞ্জ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ কর্মক্ষেত্রে গৃহীত নির্দেশনা ও সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের প্রত্যাশিত পুলিশি সেবা প্রদানে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

