এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেছেন, শুধু ভালো জিপিএ-৫ কিংবা ভালো নম্বর অর্জন করাই শিক্ষার্থীদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত নয়। শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে ধারণ করে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “বড় মানুষ হওয়ার পাশাপাশি একজন ভালো ও সৎ মানুষ হওয়া অত্যন্ত জরুরি। জীবনে সাফল্য অর্জনের জন্য মেধার যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নৈতিকতা ও মানবিকতার চর্চা। তোমাদের স্বপ্ন হতে হবে বড় এবং সেই স্বপ্ন বাস্তবায়নে থাকতে হবে অবিরাম প্রচেষ্টা ও দৃঢ় প্রত্যয়।”
বুধবার (২৬ আগস্ট) দুপুরে বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের অর্জন আগামী দিনের পথচলার ভিত্তি। এই সাফল্যে আত্মতুষ্ট না হয়ে আরও জ্ঞান অর্জন, দক্ষতা বৃদ্ধি এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। আগামীর সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ার দায়িত্ব বর্তমান প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদেরই নিতে হবে। আজকের এই সংবর্ধনা তাদের আগামী দিনের পথচলায় নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রিফাত আখতার খানম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল করিম, কাহালু সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ বি এম হাফিজার রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলী শেখ এবং কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. বেলাল উদ্দিন প্রামাণিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

