শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় শেরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা।
সভায় সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বাবলু বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মতো ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানও বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিগত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলনকারী মানুষদের নম্রতাকে কেউ দুর্বলতা মনে করবেন না। জুলাই সনদের নাম ভাঙিয়ে কোনো রাজনৈতিক চক্রান্ত বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ও গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলে তা মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে উত্তরবঙ্গ বা বগুড়া জেলায় এ ধরনের কর্মকাণ্ড হলে রাজপথে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বলেন, “গণআন্দোলনে তরুণদের অবদান আমরা স্বীকার করি। তবে একক কৃতিত্ব দাবি করে ক্ষমতায় বসার মানসিকতা গ্রহণযোগ্য নয়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সকলকে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার কোনো সুযোগ নেই। দল ও নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচারের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া হবে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”
শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, আশরাফ উদ্দিন ভোলা, বিএনপি নেতা হেলালুজ্জামান হেলাল, মাহবুবুল আলম হিরু, জিএম মোস্তফা, মোয়াজ্জেম হোসেন, জাহিদুর ইসলাম টুলু, মোস্তাফিজুর রহমান নিলু, বদিউজ্জামান বদি, কায়কোবাদ, আব্দুল ওহাবসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, সোবাইদুল ইসলাম, সজিব এবং স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুল আসিফ শাওনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন শেরপুর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রুহুল আমিন।

