দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা ২৬ অক্টোবর ২০২৬, মিরপুরস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) গৌরবময় ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। এ উপলক্ষ্যে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধানের প্রতিকৃতি উন্মোচন করা হয়।
ডিএসসিএসসি থেকে পিএসসি সম্পন্নকারী কোনো কর্মকর্তা পরবর্তীতে বাহিনীর প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হলে তাঁর প্রতিকৃতি কলেজের হল অব ফেমে স্থাপন করা হয়। সেই গৌরবময় স্বীকৃতির মাহেন্দ্রক্ষণে নৌবাহিনী প্রধান তাঁর প্রতিকৃতি ‘হল অব ফেম’-এ উন্মোচন করেন। অনুষ্ঠানে ডিএসসিএসসি’র কমান্ড্যান্ট নৌবাহিনী প্রধানের কর্মজীবন ও অবদানের বিবরণ তুলে ধরেন এবং তাঁকে সম্মাননা সনদ প্রদান করেন।
নৌবাহিনী প্রধান প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং কলেজে প্রশিক্ষণকালীন স্মৃতিচারণ করেন। পরবর্তীতে তিনি ‘হল অব ফেম’ পরিদর্শন করেন এবং ডিএসসিএসসি প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।
নৌবাহিনী প্রধানের এই অর্জন বর্তমান প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণার উৎস এবং পেশাগত উৎকর্ষ, নেতৃত্ব ও সামরিক ঐতিহ্যের এক গৌরবময় দৃষ্টান্ত।

