এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুর রহমান সাগর (৩৫) নিহত হয়েছেন। গত বুধবার (২২ জুলাই ২০২৬) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান সাগর পাঁচবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাদক কেনাবেচা-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে গভীর রাতে সাগরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহফুজ আলম বলেন, “ঘটনার পেছনে পূর্বশত্রুতার তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

