এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলায় একটি বসতবাড়ির আঙিনায় অবৈধভাবে গাঁজার চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার বাড়ি থেকে প্রায় ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট ২০২৬) রাতে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আকন্দপাড়া (নয়াপাড়া) গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপ-পরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মো. ফরিদ ফকিরের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪০)-এর বসতবাড়ির আঙিনা থেকে একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার হওয়া গাঁজাগাছটির উচ্চতা প্রায় ১২ ফুট বলে জানিয়েছে ডিএনসি। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও তারা জানান।
স্থানীয়দের মতে, আবাসিক এলাকায় অবৈধ মাদকজাতীয় উদ্ভিদের চাষ জননিরাপত্তা ও সামাজিক পরিবেশের জন্য উদ্বেগের বিষয়। এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতা আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

