স্টাফ রিপোর্টার:
বগুড়ার কাহালুতে মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং হত্যা মামলার পরোয়ানাভুক্ত মোন্নাফ আলী মন্ডল (৩০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এএসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার নারহাট্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মোন্নাফ আলী মন্ডল কাহালু উপজেলার নারহাট্ট খুলুপাড়া গ্রামের মো. আনছার আলী মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোন্নাফ আলী মন্ডল বগুড়া সদর থানায় ২০১৬ সালে দায়ের করা একটি মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
এছাড়া কাহালু থানার মামলা নম্বর-০৮, তারিখ ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দে দায়ের করা একটি হত্যা মামলায়ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
কাহালু থানা সূত্র জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামিকে সোমবার (১৭ আগস্ট) বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

