এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী তালোড়া শাহ এয়তেবারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জি. এম. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের প্রতিবাদে এবং শিক্ষক ও সচেতন এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, সৈয়দ আবু হাসান আজাদ, সালারে আজম চৌধুরী, মাদ্রাসার উপাধ্যক্ষ মোশাররফ হোসাইন, সহকারী অধ্যাপক আশরাফুল আলম পলাশসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ জি. এম. মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার সঙ্গে জড়িত। তাদের দাবি, তিনি প্রায় ২২ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করেছেন এবং প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন। এছাড়া, নিয়মবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ দিয়ে অডিটের অজুহাতে সংশ্লিষ্ট শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও তোলেন তারা।
বক্তাদের আরও অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় সচেতন ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা দাবি করেন, অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের পছন্দমতো গভর্নিং বডি গঠন করে তিনি প্রতিষ্ঠানের প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রাখেন এবং এতে মাদ্রাসার সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা শিক্ষক ও এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাদ্রাসা সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
তবে অধ্যক্ষ জি. এম. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

