এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাতের দিকে ধুনট পৌরসভার ডাকঘরের সামনে টিএন্ডটি মোড় থেকে ধুনট বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মানিক হোসেন ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বড় এলাঙ্গী পশ্চিমপাড়া গ্রামের মো. খলিলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করার কারণে মানিক হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধুনট থানায় এফআইআর নং-১৭, তারিখ ১৮ আগস্ট ২০২৬ এবং জিআর নং-১৫৪, তারিখ ১৮ আগস্ট ২০২৬ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার মানিক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

