শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ। সভা সঞ্চালনা করেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় উপজেলা দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা এবং সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
সভায় আরও জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেবেন শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ এবং তাঁর পুত্র, বিসিবির পরিচালক ও মিডিয়া সেলের চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী।
নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

