স্টাফ রিপোর্টার:
বগুড়া মহানগরের বৃন্দাবন মধ্যপাড়া এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আপন ভাই-বোনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বৃন্দাবন মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মো. রিমন হাসান (৩৪) এবং তার বোন মোছা. রিমা খাতুন (৩৪)।
ডিএনসি সূত্রে জানা যায়, রিমন হাসানকে তালিকাভুক্ত মাদক কারবারি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া রিমা খাতুনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে অভিযানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযানকালে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উভয়কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

