
বগুড়ার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখা প্রয়াত ও জ্যেষ্ঠ ১৩ সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে। তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষ থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মরণোত্তর ও আজীবন সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট সাংবাদিকদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে জানানো হয়, গত ১২ নভেম্বর বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাঁর ঐচ্ছিক তহবিল থেকে গুণী সাংবাদিকদের জন্য জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার বাস্তবায়ন হিসেবে বৃহস্পতিবার সম্মাননা ও অর্থসহায়তা প্রদান করা হয়।
মরণোত্তর সম্মাননা ও অর্থসহায়তা পেয়েছেন আট প্রয়াত সাংবাদিকের পরিবার। তাঁরা হলেন—খন্দকার আব্দুর রহীম হীরু, যাহেদুর রহমান যাদু, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লেমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মোহন্ত শানু, ইকবাল মোর্শেদ রিপন ও আমান উল্লাহ খান।
অন্যদিকে আজীবন সম্মাননা ও অর্থসহায়তা পেয়েছেন পাঁচ জ্যেষ্ঠ সাংবাদিক। তাঁরা হলেন – ওয়াসিুর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী ও চপল কান্তি সাহা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা বলেন, সাংবাদিকদের অবদানের স্বীকৃতি দিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। এ উদ্যোগের জন্য তিনি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বগুড়ার প্রবীণ সাংবাদিকেরা প্রতিকূল পরিবেশের মধ্যেও পেশাগত সততা, নীতি ও আদর্শ বজায় রেখে সংবাদচর্চা করেছেন। বিশেষ করে সত্তর ও আশির দশকে সাংবাদিকদের পেশাগত নিষ্ঠা ও সাহসিকতা ছিল উল্লেখযোগ্য। তবে বর্তমানে সাংবাদিকতায় দলীয় প্রভাব এবং অপসাংবাদিকতার প্রবণতা নিয়ে উদ্বেগ রয়েছে। যথাযথ যাচাই ছাড়া নেতিবাচক কিংবা ভিত্তিহীন সংবাদ প্রকাশের ফলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে।
নিজের দায়িত্ব পালনে কোনো ভুলত্রুটি থাকলে তা সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। সাংবাদিকেরা স্বাধীনভাবে তাঁদের মতামত ও সংবাদ প্রকাশ করবেন। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করা জরুরি। যে ঘটনা ঘটেনি, তা সংবাদ হিসেবে প্রকাশ করা উচিত নয়।
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জেলার সামগ্রিক অগ্রগতির জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বগুড়া বিমানবন্দর, শিল্প পার্ক ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের পাশাপাশি জেলায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপনের বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের একমাত্র অবিভক্ত প্রেসক্লাব হিসেবে পরিচিত বগুড়া প্রেসক্লাবের ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেস সেক্রেটারি আতিকুর রহমান। তিনি বলেন, প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে গুণী সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু বিদেশে অবস্থানের কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। একসময় তিনি নিজেও শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে ও সংকটে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ এবং বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। এ সময় বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এম এ রাশেদ স্টাফ রিপোর্টার 


















