দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে দ্বিতীয় দফা রাজনৈতিক পরামর্শ সভা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, শ্রমিকদের চলাচল, শিক্ষা ও গবেষণা, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী বিদমান্তাস ভারবিকাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলির সচিব রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম যৌথভাবে সভাপতিত্ব করেন।
পরামর্শ সভায় দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, শ্রমিকদের কর্মসংস্থান ও চলাচল, শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগের বিষয়গুলো গুরুত্ব পায়।
সভা চলাকালে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে রাজনৈতিক পরামর্শ সভার কার্যপদ্ধতি-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক সংলাপ ও মতবিনিময়ের একটি কাঠামো প্রতিষ্ঠিত হলো।
উল্লেখ্য, ২০২৭ সালে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর করা এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

