এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের রুকন মো. মোশাররফ হোসেন (৪২)-এর রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদের নিয়মিত বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হয়। বৈঠকে উত্থাপিত অভিযোগ, সংশ্লিষ্ট তথ্য ও সাংগঠনিক বিধি-বিধান পর্যালোচনার পর জেলা কর্মপরিষদ এ বিষয়ে সুপারিশ প্রদান করে। ওই সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর তার রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করেন।
সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মো. মোশাররফ হোসেনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। একই সঙ্গে স্পষ্ট করা হয়েছে, তার ব্যক্তিগত বক্তব্য, সামাজিক বা রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা ভবিষ্যতে গৃহীত যেকোনো কার্যকলাপের দায়-দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী বহন করবে না।
সংগঠনের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার আদর্শ, গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড সমুন্নত রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক সিদ্ধান্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে কেউ জড়িয়ে পড়লে গঠনতন্ত্র অনুযায়ী তদন্ত, পর্যালোচনা এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের ভাবমূর্তি, আদর্শিক অবস্থান ও সাংগঠনিক শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতেও কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের ঘটনায় আপস করা হবে না। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষভাবে বিষয়টি যাচাই-বাছাই করে সাংগঠনিক বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ সাংগঠনিক সিদ্ধান্ত এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

