এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর শাখার উদ্যোগে দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বগুড়া শহরের শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, “ফ্যাসিস্ট সরকার জামায়াতের ওপর অন্যায়ভাবে জুলুম করেছে এবং একপর্যায়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিল। কিন্তু এসবের কারণে আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। বরং যারা নিষেধাজ্ঞা দেওয়ার আগে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন রয়েছে।”
তিনি বলেন, “যারা সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং জুলুম-নির্যাতন চালিয়েছে, আল্লাহ তাদের এ দেশ থেকে বিতাড়িত করেছেন।”
আব্দুল হালিম বলেন, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। দেশের গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ চিরতরে বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীলদের আল্লাহভীতি, আমানতদারিতা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। মানুষের আস্থা অর্জন এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপরও গুরুত্ব দেন তিনি।
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং জনসম্পৃক্ততা আরও বাড়ানোর জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জামায়াতের এই কেন্দ্রীয় নেতা।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী এবং বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
এ ছাড়া বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, ক্বারী আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, আজগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান ও নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শিক্ষা শিবিরে সংগঠনের দায়িত্বশীলদের নৈতিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

