এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখা। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া আইন কলেজ মাঠ থেকে কর্মসূচি শুরু হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
এর আগে আইন কলেজ মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক আ স ম আব্দুল মালেক সমাবেশটি সঞ্চালনা করেন।
সমাবেশে বক্তব্য দেন মহানগর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট শাহিন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, শ্রমিক নেতা আজগর আলী ও অধ্যক্ষ ইকবাল হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে। তার দাবি, জ্বালানি তেলের দাম বাড়লে এর প্রভাব পরিবহন ব্যয়ের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়ে। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপে পড়েন।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং কৃষি উপকরণের সংকটের কারণে কৃষকরাও সমস্যার মুখে পড়ছেন। বিশেষ করে ডিজেলের মূল্যবৃদ্ধিতে সেচব্যয় বাড়ায় কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা, অপচয় ও দুর্নীতি বন্ধ না করে জনগণের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি করা হচ্ছে।
তিনি অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে দাবি মেনে নেওয়া না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
সমাবেশ শেষে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

