বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চলমান ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেছেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় চলমান প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রশিক্ষণ কর্মশালার সার্বিক কার্যক্রম ও প্রশিক্ষণের মান যাচাই করেন। তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলে প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ মনোযোগ ও একাগ্রতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে সফলভাবে প্রয়োগের জন্য নিয়মিত অনুশীলন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণদের দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। তাই প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান।

