
বগুড়ার নন্দীগ্রামে রাজনৈতিক নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মোঃ ইউনুস আলী (৪৮) নামে মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৫ মিনিটের দিকে উপজেলার বিজয়ঘট গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ইউনুস আলী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক। তিনি বিজয়ঘট গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেনের ছেলে।
নন্দীগ্রাম থানা পুলিশ জানায়, রাজনৈতিক নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, রাজনৈতিক মামলায় মৎস্যজীবী লীগের ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এম এ রাশেদ স্টাফ রিপোর্টার 


















